দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেল

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইতিহাসে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার সর্বনিম্নে নেমেছে। কমেছে পাসের হার ও জিপিএ-৫ দুটোই। এবার পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।
আজ শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি কলেজের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে এবং ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত সাত বছরের মধ্যে ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় পাসের হার ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়ায় পাসের হার দাঁড়ায় ৯২ দশমিক ৪৩ শতাংশ। এরপর ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।









