Ajker Patrika

নদীদূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০০: ০৩
নদীদূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নদীদূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে শিল্পপ্রতিষ্ঠান ও ওয়াশিং কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে আটটি প্রতিষ্ঠানের তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় দূষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার ঢাকার চারপাশের নৌপথ সচল রাখার সরকারি উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এগুলো হলো ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আইএফএস টেক্সওয়্যার। পরিদর্শনের সময় এসব প্রতিষ্ঠানের নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার ফলাফলে পরিবেশদূষণের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের আরেকটি দল দক্ষিণ কেরানীগঞ্জে আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামে দুটি কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছে। সেখান থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

একই এলাকায় অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছে অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর বলেছে, নদী ও জলাশয়ের দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনি ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত