Ajker Patrika

গাবতলী থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, সাভার
গাবতলী থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের চিত্র। ছবিটি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তোলা। আজকের পত্রিকা

রাজধানীর গাবতলী থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কারণে যানবাহনগুলোকে কয়েক ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবীনগর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল, জিরানী এবং কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। গাবতলী থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন এসব এলাকায় আটকে পড়ে ধীরগতিতে চলছে।

পুলিশ জানায়, মহাসড়কে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও দুপুরের পর উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ হঠাৎ বেড়ে যায়। এর ফলে ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বাইপাইল পর্যন্ত বিস্তৃত হয়। একই সঙ্গে আশুলিয়ার জিরানী থেকে কবিরপুর হয়ে চন্দ্রা পর্যন্তও ব্যাপক যানজট দেখা দেয়।

যানজটে আটকে পড়া হানিফ পরিবহনের যাত্রী ফিরোজ মিয়া বলেন, বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেলা তিনটার দিকে গাবতলী থেকে বাসে ওঠেন তিনি। তবে নবীনগরের কাছে এলে বাসটি তীব্র যানজটে পড়ে। তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা ধরে যানজটে থাকার পরও বাসটি শুধু পল্লী বিদ্যুৎ এলাকা পর্যন্ত যেতে পেরেছে।

একই বাসের আরেক যাত্রী আনোয়ার হোসেন বলেন, যানজটের কারণে বাস ধীরে চলছে। এভাবে চলতে থাকলে কখন বাড়ি পৌঁছাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন সড়ক যানজটমুক্ত রাখার ঘোষণা দিলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

যানজটে আটকে পড়া কয়েকজন চালক জানান, যানজটপূর্ণ এলাকা পার হতে প্রতিটি যানবাহনের কয়েক ঘণ্টা লাগছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো-নামানোর জন্য বেশি সময় বাস থামিয়ে রাখায় যানজটের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত