Ajker Patrika

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসি অঞ্চল–২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

প্রক্রিয়াগত নানা জটিলতার কারণে রাজধানীর নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন এমনটা মেনে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করা, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল–২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মো. আবদুস সালাম বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে বিশ্বাস করে। সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, তাই একে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।

নাগরিক সেবা সহজীকরণের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন যা সত্যি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

তিনি জানান, ঢাকা ব্যাংকের এই নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের অধিবাসীরা সহজে সিটি করপোরেশনের বিভিন্ন ফি ও সেবা গ্রহণ করতে পারবেন।

​ডিএসসিসি প্রশাসক বলেন, আগের সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত করে রেখেছিল। তবে বর্তমান সরকার উন্মুক্ত প্রতিযোগিতায় বিশ্বাস করে। যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে।

​​আঞ্চলিক কর্মকর্তাদের উদ্দেশে প্রশাসক বলেন, এখন থেকে আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার কমানো এবং ব্যবহৃত পলিথিন ড্রেনে ফেলা বন্ধের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত