
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে ৩০০-এর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায় তল্লাশি চৌকি থাকবে পুলিশের। এ বিষয়ে আজ দিনভর পুলিশের একাধিক সভা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এরপর নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নিজেই।
ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগের পর রাজধানীর নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার কথা বলেন ডিএমপি কমিশনার। তাঁর দাবি, আগের দিনের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে ঢেলে সাজানো হয়েছে আইনশৃঙ্খলাব্যবস্থা। জোরদার করা হয়েছে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথের নিরাপত্তা, বসানো হয়েছে অন্তত ৩০০ চেকপোস্ট। এখন নজরদারি আর তল্লাশির আওতায় রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।
রাজধানীর বনানী, গুলিস্তান, গুলশান, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, শান্তিনগর, মতিঝিল, উত্তরা, বিমানবন্দর ও গাবতলীতে আজ পুলিশের তল্লাশি চৌকি দেখা গেছে। এ সময় গাড়ি থামিয়ে তারা তল্লাশি ও যাত্রীদের ব্যাগও তল্লাশি করেছেন।
সরেজমিনে দেখা গেছে, শান্তিনগর ফ্লাইওভারে ওঠার মুখেই মোটরসাইকেল ও বাইক তল্লাশি করছে পুলিশ। এ সময় সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের পুলিশ তল্লাশি করে। তল্লাশির বিষয়ে সেখানে থাকা ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া বলেন, গত দুই দিনে ঢাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাই ফ্লাইওভার কেন্দ্রিক নিরাপত্তা সাজানো হয়েছে। ঢাকায় যতগুলো ফ্লাইওভার রয়েছে, সবগুলোর প্রবেশ ও বাহির হওয়ার পথে তল্লাশি করা হবে। বিশেষ করে যারা বাইকার তাদের বেশি নজরদারি করা হচ্ছে। যেসব বাইকে দুজন থাকে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া সিএনজি ও মাইক্রোবাস তল্লাশি করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর পাশাপাশি ঢাকা শহরের প্রধান প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে মোটরসাইকেলসহ সব ধরনের সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে।
এ ছাড়া নগরীর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে থানা মোবাইল প্যাট্রল, ফুট প্যাট্রল ও হোন্ডা প্যাট্রলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। যেকোনো বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি টিম, সিটিটিসি টিম এবং এপিবিএন টিম মোতায়েন রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এদিকে আজ সকালে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ডিএমপির অভিযানে গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মামলায় ও নিয়মিত অভিযানে ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৫১টি মামলা করা হয়েছে।
এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১. ৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, ১টি প্রাইভেট কার, ৫টি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রাজধানীতে নিরাপত্তায় কাজ করছে এসআরবি। পুলিশের এই বিশেষ ইউনিট জানিয়েছে, রাজধানীতে যেসব এলাকায় ককটেল ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব এলাকাসহ মহানগরীতে তাদের ৪০টি চেকপোস্ট বসানো হয়েছে। লোকবল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এফএস সদস্যদের মাধ্যমে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এসআরবির মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট (নিরাপত্তা পরিকল্পনা) রয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো—যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এ জন্য ঢাকায় বর্তমানে ১৯টি প্যাট্রল চলমান আছে এবং স্পেশাল প্যাট্রলে (সাদা পোশাকে) রয়েছে আরও ২ টি। এ ছাড়া রাজধানীতে বর্তমানে ৪০টি চেকপোস্ট বসানো হয়েছে।’
এদিকে আজ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর মো. সালাহউদ্দিন আহমদের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এর আগে ডিএমপি সদর দপ্তর ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।
গতকাল শুক্রবার যাত্রাবাড়ী, মালিবাগ, বাবুবাজার, সাইন্সল্যাব, মহাখালী, গুলিস্তান এলাকায় ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনায় পুলিশ মামলা ও জিডি করেছে। যাত্রাবাড়ী ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. রায়হান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি ওয়ারীর একটি ইউনিটের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে...
৩ মিনিট আগে
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
৩৪ মিনিট আগে