Ajker Patrika

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

নানা আয়োজনে উদ্‌যাপিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী। বিভক্ত উদীচীর দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নানা অনুষ্ঠান সাজিয়েছে। ‘ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ নেবো’ স্লোগানকে ধারণ করে আগামীকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৮ বছর পূর্তি উদ্‌যাপন করবে একটি পক্ষ।

বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট চা-শ্রমিক নেত্রী খায়রুন আক্তার। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সংবর্ধনা জানানো হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বদরুল আহসান খান এবং প্রতিষ্ঠাকালীন সংগীত দলের সদস্য তাজিম সুলতানাকে।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে এবং উদীচীর সংগ্রামী সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সঙ্গে অনুষ্ঠানে অতিথি থাকবেন—বাউল শেখ জামাল উদ্দীন (টুনটুন ফকির), সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য লেখক ও গবেষক জাকির হোসেন এবং লেখক ও গবেষক সুতপা বেদজ্ঞ।

অনুষ্ঠানে আলোচনা, সম্মাননা প্রদান ছাড়াও থাকছে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা।

আরেকটি পক্ষ ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ শিরোনামে ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।

প্রথম দিন ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে কর্মসূচি উদ্বোধন করবেন উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন।

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষ্ঠানস্থলে ফিরে আসবে। এরপর বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শুরু হবে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার। একশ বছর আগে বাঙালি মুসলিম সমাজকে প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে রেনেসাঁর মতো ভূমিকা রাখা এ আন্দোলনের বিষয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা।

৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা থেকে রবীন্দ্র সরোবরে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী। এরপর বিকেল ৫টা থেকে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। সেখানে উদীচীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে দেশবরেণ্য শিল্পীদের একক ও সমবেত গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত