
কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে ১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা আব্দুল্লাহ আবু সাঈদ ভূঁইয়া।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার বাদী আবু সাঈদ ভূঁইয়া নিজেই আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আরও যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ ও মোহাম্মদ এ আরাফাত; সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ মাহিদ উদ্দিন, সাবেক ডিবি (ডিএমপি) প্রধান হারুন অর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ ছাড়া অজ্ঞাতনামা র্যাব সদস্যদেরও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়—গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন (১২) নিহত হয়। শিশু ইমন বাদীর ভাগনে।
এদিন আসামিদের নির্দেশে র্যাব সদস্যরা হেলিকপ্টার থেকে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময় ভুক্তভোগী জোবাইদ হোসেন ইমনের বাঁ কানের ওপর দিয়ে গুলি প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই ইমন মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন, মামলার বাদী ও অন্য সাক্ষীরা তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়—আসামিরা শেখ হাসিনার অবৈধ স্বৈরশাসনকে নিরঙ্কুশ ও দীর্ঘায়িত করার প্রয়াসে পরস্পরের সঙ্গে পরামর্শক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে নির্মূল ও হত্যার পরিকল্পনা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতাকে নির্মূল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই আলোকে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা নীলনকশা বাস্তবায়নের নিমিত্তে পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে। নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র, শিশু, সাধারণ খেটে খাওয়া মানুষকে হত্যা ও আহত করে।
এ ছাড়া বিভিন্ন উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়ে আসামিদের অনুগত বাহিনীর সদস্যরা স্নাইপার রাইফেলের মাধ্যমে দূর থেকে গুলি করে অনেক ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে। আসামিদের দ্বারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ভূমি থেকে, উঁচু ভবনের ছাদ থেকে এবং আকাশপথ থেকে উন্নত মারণাস্ত্রের মাধ্যমে অবিরাম গুলিবর্ষণের মাধ্যমে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে অজস্র মানুষকে খুন ও আহত করা হয়। হত্যাকারী বাহিনীগুলো খুন ও আহত করেই ক্ষান্ত হয়নি, আহতদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধা দেয় এবং হাসপাতালে ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে গুরুতর আহতদের চিকিৎসা প্রদানে বিঘ্ন সৃষ্টি করে।
এ ছাড়া আসামিদের নির্দেশে হত্যাকারী বাহিনীগুলো হাসপাতালগুলোতে ঢুকে নিহত অনেকের মরদেহ জোরপূর্বক নিয়ে গিয়ে গুম করে ফেলে। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। অনেক মরদেহ পুলিশ জোরপূর্বক নিয়ে কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই অজ্ঞাত পরিচয় হিসেবে বিভিন্ন কবরস্থানে গোপনে দাফন করে হত্যাকাণ্ডের প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করে। একইভাবে তারা আমার ভাগনে জোবাইদ হোসেন ইমনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য করে।

মো. আজিজুলের স্ত্রী ভারতে কাজ করেন। আজিজুল জীবননগরের আব্দুলবাড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। নিজের কোনো আয় না থাকায় তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। সম্প্রতি স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।
১০ মিনিট আগে
রূপসী ম্যানগ্রোভের তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম বলেন, এখানে সেলফি পয়েন্ট, শিশু কর্নার ও নাগরদোলা রয়েছে। এ ছাড়া ইছামতী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। নদীর ওপারেই ভারতের বিভিন্ন এলাকা দেখা যায়। পর্যটকদের আকর্ষণে কেব্ল কার ও দোলনা নৌকাও রাখা হয়েছে। প্রায় ১৫০ বিঘা জমিতে গড়ে ওঠা পর্যটনকেন্দ্রটি...
১৭ মিনিট আগে
মুসান্না গালিব মিমের মা-বাবা অন্যত্র বসবাস করায় তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর পচন ধরা মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় থাকা রোগী, তাদের স্বজন, হাসপাতালের স্টাফ, নার্স ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে রোগীদের ভবন থেকে নিচে নামিয়ে সড়ক ও হাসপাতালের সামনে অবস্থান নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২ ঘণ্টা আগে