আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী। আজ বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির আয়োজনে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই আয়োজন চলে। জাতীয় কবির জন্মজয়ন্তী আগামীকাল (শুক্রবার), তবে একাডেমি একদিন আগেই সেটি উদ্যাপন করল।
অনুষ্ঠানে ‘নজরুলের চেতনালোক আমাদের অবলোকন বনাম কবির কথন’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন রাজধানীর রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ।
তিনি বলেন, ‘নজরুল আমার বিবেচনায় এতই অসাম্প্রদায়িক যে, তাকে অসাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করার আমার মনে হয় না যে দরকার আছে। এ কারণে আমি নজরুলের চেতনালোক বলতে যা বোঝায় সেটা নিয়েই বলব। এটা আমি দুই ভাগে ভাগ করেছি। এক-নজরুলকে আমরা কীভাবে দেখি। দুই-যেসব বিষয়ের ওপর ভিত্তি করে নজরুলকে দেখি সেসব বিষয় আমরা নজরুলের লেখায় কী পাই।’
তিনি এর ব্যাখ্যায় বলেন, ‘নজরুল বললেই ছোটবেলা থেকে শুনে আসছি বিদ্রোহী কবি। ছোটবেলায় নজরুলের ঝাঁকড়া চুলের ছবিই সব জায়গায় দেওয়া হতো। এতে বিদ্রোহী ভাব দেখা যেত। তখন আমরা জানতামও না যে, তার আরও অনেকগুলো ছবি আছে।’
উপাচার্য আরও বলেন, ‘নজরুলের একটি জিনিস আমরা খেয়াল করিনি। অথবা তার বিদ্রোহী সত্তার কারণে পেছন দিকে পড়ে যায়। সেটি হলো তাঁর বাঙালি মানস। নজরুল অনেক বড় একজন বাঙালি ছিলেন। সেটা আমরা ভুলে যাই। ৪৭ এ দেশভাগ, আমরা যে ভৌগোলিক মানচিত্র পেয়েছি একাত্তরে এর মধ্যে বাঙালির একটা বড় অংশ মানচিত্রের বাইরে থেকে গেছে। এর মধ্যে নানারকম ধর্মীয় ভেদাভেদের ব্যাপার আছে। এগুলো মিলে আমরা সবাই বাঙালি মনে করি এমন লোক বেশি খুঁজে পাওয়া যায় না।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, উনি তো বাঙালি কিন্তু মুসলমানদের তেমন পছন্দ করতেন না। বা উনি তো বাঙালি কিন্তু হিন্দুদের বিরুদ্ধে এই করেছেন। এ রকম একটা পরিস্থিতির মধ্যে বাঙালি বিবেচনা আটকে থাকে। কিন্তু নজরুলের ক্ষেত্রে সেটি হয়নি। নজরুলকে দুই বাঙলার মানুষ, সব ধর্মের মানুষ সমানভাবে গ্রহণ করেছে। অন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত সেই ছড়া মনে করা যেতে পারে যে ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নিকো নজরুল।’
নজরুল সাহিত্যের গবেষণা, অনুবাদ ও নজরুল সংগীতের চর্চার জন্য দেওয়া হয় নজরুল পুরস্কার। ২০২২ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। এ বছর সেটি পেয়েছেন অধ্যাপক রাজিয়া সুলতানা। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডা. মোমেনা খাতুন।
বিদেশ থেকে তিনি ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, ‘এই বৃদ্ধ বয়সে এই প্রতিষ্ঠান থেকে নজরুল গবেষণার ওপরে পুরস্কার দেওয়ায় আমি যার পর নাই প্রশান্তি পেয়েছি এবং আনন্দিত। নজরুল গবেষণায় যিনি আমাকে সব সময় উদ্বুদ্ধ করেছেন তিনি আমার স্বামী। তাঁর কথা বলতেই হয়।’
পরে তিনি অনুরোধ করেন, এই পুরস্কার যেন এত বৃদ্ধ বয়সে না দেওয়া হয়। সচল থাকলে তিনি নিজেই এসে পুরস্কার গ্রহণ করতে পারতেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সূচনা বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মোবারক হোসেন।
আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন—শিল্পী লীনা তাপসী খান, প্রদীপ কুমার নন্দী, রওশন আরা সোমা, আবৃত্তি করেন শিল্পী ডালিয়া আহমেদ। তবলায় ছিলেন বিপ্লব শর্মা, কী বোর্ডে বিনোদ রায় এবং সেতারে ফিরোজ খান।

হামে আক্রান্ত স্বামী ও পরপর দুই মেয়েকে নিয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে বিবি জৌতিকে। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় চিকিৎসার ব্যয় মেটাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ আহরণের সময় ৮ জন জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশ ইন গ্রহণযোগ্য নয়। বিএসএফের যেকোনো পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
২৩ মিনিট আগে
বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রলীগের নামে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে