
নগরের সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। একই সঙ্গে ঢাকার কাফরুলে ময়লার ব্যবসা, ফুটপাতের দখল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আইপিডির পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিবৃতিতে বলা হয়, কাফরুলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা আবারও প্রমাণ করেছে, নগরের সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন খাতে অবৈধ অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের বিপজ্জনক যোগসূত্র এখনো বহাল রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে এ ঘটনার পেছনে নগর সেবা কেন্দ্রিক অবৈধ অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় আধিপত্যের বিষয়টি উঠে এসেছে।
আইপিডি বিশ্বাস করে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নগরভিত্তিক অবৈধ অর্থনীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি বিপজ্জনক বাস্তবতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে এখনো এমন একটি সংস্কৃতি বহাল রয়েছে, যেখানে দলীয় পদ-পদবি ও রাজনৈতিক পরিচয়কে অনেক ক্ষেত্রে জনসেবার পরিবর্তে অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ফলে রাজনীতির সঙ্গে অবৈধ বাণিজ্যের সম্পর্ক ক্রমেই গভীর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক এই অপসংস্কৃতির অবসান হবে বলে গণ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেটা যথাযথভাবে পূরণ হয়নি বলে প্রতীয়মান হচ্ছে।
এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, ময়লা সংগ্রহ, ফুটপাত, বাজার, পরিবহন, মাঠ-পার্ক, খাল-জলাশয়-জমি দখলসহ বিভিন্ন নগর সেবাকে কেন্দ্র করে একটি সমান্তরাল অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। এই অবৈধ অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক বলয়ের অভ্যন্তরেও সংঘাত, সহিংসতা এবং হত্যাকাণ্ড ঘটছে।
ঢাকা শহরে ময়লা ব্যবস্থাপনাকে ঘিরে যে বাণিজ্যিক কাঠামো তৈরি হয়েছে, তা বহুদিন ধরেই প্রশ্নবিদ্ধ। নাগরিকেরা নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার পরও তাদের কাছ থেকে আলাদাভাবে ময়লা অপসারণের জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এটা নিয়ে কোর্টে ইতিমধ্যে রিট ও করা হয়েছে।
এই অস্বচ্ছ ও অনিয়ন্ত্রিত ব্যবস্থা চাঁদাবাজি এবং অবৈধ আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি করেছে। অথচ সিটি করপোরেশন চাইলে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো ময়লা সংগ্রহ ও অপসারণ প্রক্রিয়া সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে এনে রাজস্ব বৃদ্ধি করতে পারে এবং অবৈধ মধ্যস্বত্বভোগী চক্রের অবসান ঘটাতে পারে। কিন্তু সরকার পরিবর্তন হলেও এই স্বার্থান্বেষী চক্র ভাঙার কার্যকর উদ্যোগ দীর্ঘদিন দেখা যায়নি।
একইভাবে ফুটপাত, সরকারি জমি, খাল, জলাশয়, পার্ক ও উন্মুক্ত স্থান দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী নগর মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির কারণে এই দখলদারি বছরের পর বছর টিকে থাকে। এর ফলে একদিকে নাগরিকদের চলাচল, পরিবেশ ও জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিকল্পিত নগর উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।
আইপিডি মনে করে, সিটি করপোরেশনগুলোতে দীর্ঘ সময় ধরে নির্বাচিত কাউন্সিলর বা জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মাধ্যমে স্থানীয় প্রশাসন পরিচালিত হওয়ায় জবাবদিহি দুর্বল হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অবৈধ গোষ্ঠী আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থা ছাড়া নগর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
আইপিডির মতে, কাফরুলের হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রতিরোধ করতে হলে কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; বরং এই ধরনের সংঘাতের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি ভেঙে দিতে হবে। অবৈধ অর্থনীতির উৎস বন্ধ না করলে ব্যক্তি পরিবর্তিত হবে, কিন্তু সহিংসতার চক্র অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে নগরের সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন খাতে অবৈধ অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক প্রভাবকে নির্মূলের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে আইপিডি।
আইপিডি’ নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, রাজনৈতিক ক্ষমতার পালাবদলে দখলদারির পালাবদলের ঘটনাসমূহ আমাদের শহরকে আরও বিপন্ন করে তুলছে। নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে মানুষের প্রত্যাশা ও অনেক। নগর সেবাকে ঘিরে গড়ে ওঠা অবৈধ অর্থনীতি, চাঁদাবাজি ও দখলদারির অবসান ঘটাতে হলে প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ, কার্যকর স্থানীয় সরকার, স্বচ্ছ নগর ব্যবস্থাপনা এবং কার্যকর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার।

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার পূর্বাপর তথ্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেষার শিলপাটার শিল দিয়ে মাথায় আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
২৯ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি ঘিরে সৃষ্ট বিতর্কের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করে করা অভিযোগকে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি।
১ ঘণ্টা আগে