
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদান পূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা তৈরি করতে হয়েছে, যেখানে জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীলতাকে গুরুত্ব দিতে হচ্ছে। নবপদায়িত কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে।
আলী হোসেন ফকির বলেন, পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার উল্লেখ করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পেশাদারত্ব বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে তাদের সেবা দিতে হবে।
অনুষ্ঠানে নবপদায়িত কয়েকজন কর্মকর্তা মাঠ পর্যায়ের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা পেশাদারত্ব বজায় রেখে জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে জন আস্থা অর্জনে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। তিনি জাতির প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী।

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটি করপোরেশনের সকল সড়ক–ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হাসান রাকিব বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।
৭ মিনিট আগে
সরকারি গোপন আইনে করা মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। ডিবির আবেদনে বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়। পুলিশ অভিযোগ করেছে, তিনি গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের চেষ্টা করেছেন।
৯ মিনিট আগে
রংপুর মহানগর পুলিশের (আরএমপি) এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে
বরিশালে মাদকের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই এএসআই টিনের চালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে অধিদপ্তর।
২৪ মিনিট আগে