Ajker Patrika

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: সংগৃহীত

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।

রাজধানী ঢাকাবাসীর মনে শহরের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা জাগ্রত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজন করে নৌকা বাইচ। মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য এই প্রতিযোগিতা।

​শুক্রবার (২১ আগস্ট) দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নৌকা বাইচ দেখতে হাজার হাজার উৎফুল্ল মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে করে অনেকে পরিবার-পরিজন নিয়ে বুড়িগঙ্গার বুকে উপস্থিত হন। তাঁদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও শত শত নৌকার উজ্জ্বল উপস্থিতিতে বুড়িগঙ্গা নদী রূপ নেয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মহা মিলনমেলায়।

প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহমুদে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণ করা হয়।

নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: সংগৃহীত
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: সংগৃহীত

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।’

বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় তিনি ডিএসসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

​প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

​সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের নৌকা বাইচে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত