
বড় কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল। তাতে ছেড়ে দেওয়া হলো বেসনে চুবানো বেগুন। হয়ে গেল বেগুনি। গরম তেলে ভেজে ওঠানো হয়েছে ডিম চপ, পেঁয়াজু, পাকোড়া। পাশেই তৈরি হচ্ছে কাবাব। তেল, মসলা আর মাংসের ঘ্রাণে পূর্ণ চকবাজার শাহি জামে মসজিদের সামনের গলি।
পুরান ঢাকা মানেই খানদানি খাবারদাবার। উৎসব পড়ে গেলে তো কথাই নেই! আয়োজন আরও জমে ওঠে। পবিত্র রমজান ঘিরে তাই প্রথম দিন থেকেই একেবারে গা-ঘেঁষা ভিড়। ইফতারি কেনায় একটু-আধটু ঠেলাঠেলি হচ্ছে না বলা যাবে না। তবু রসনাবিলাসে পুরান ঢাকার ইফতারি কেনা চাই-ই চাই।
চকবাজারের ইফতারি আয়োজনে কী নেই—আস্ত মুরগির রোস্ট ৩০০ থেকে ৪০০ টাকা, হাঁস ৪৫০-৫০০ টাকা, কোয়েল ১০০ টাকা, কবুতরের আস্ত ঝাল ফ্রাই ২০০ টাকা আর খাসির রান ৯০০ টাকা।
প্রতিটি চিকেন কাকোজ ৪০, চিকেন শর্মা ৪০, চিকেন ফ্রাই ৪৫, ডিম চপ ১৫, ভেজিটেবল রোল ২৫, কিমা সমুচা ১৫, চিকেন অন্থন ২০, চিকেন সাসলিক ৩৫ টাকায় মিলবে।
পুরান ঢাকার দই বড়া ১০০ টাকা ৪ পিস, ১৫০ টাকায় পাওয়া যাবে ৬ পিস। মালপোয়া ১৫ টাকা আর শাহি পরোটা পাওয়া যাবে ৭০-১০০ টাকায়।
এ ছাড়া আছে বিশেষ নান, সুতি কাবাব, শাহি জিলাপি, ফালুদা, পেস্তা শরবত, মহব্বত শরবত, চিকেন বল, মুরগির কোপ্তা, এগ ভেজিটেবল, চিকেন রোল, তিলের রুটি, গরুর রুটি, বাদামের রুটি, ঘিয়ের রুটি, দুধ, ইসব গুলের ভুসি প্রভৃতি।
চকবাজারের ইফতারি কিনতে কিনতে কানে যাবে ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভইরা লইয়া যায়, ধনী-গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়’—এমন সব বাহারি স্লোগান। চকের ইফতার বাজারের একটি জনপ্রিয় পদ এই ‘বড় বাপের পোলায় খায়’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই খাবার তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস। এর সঙ্গে আরও রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির গিলা-কলিজা, সুতি কাবাব, মাংসের কিমা, চিড়া, ডাবলি, বুটের ডাল, মিষ্টিকুমড়াসহ নানা ধরনের মসলা নিয়ে ১০০ পদ।
এই খাবার ঘিরে ইফতার বাজারে একটা জটলা লেগেই থাকে। বিক্রেতা মোহাম্মদ জাহিদ জানান, এবার ‘বড় বাপের পোলায় খায়’-এর কেজি ৮০০ টাকা বিক্রি হচ্ছে। তবে রমজানের প্রথম দিন যে ভিড় ছিল, তা আজ একটু কম।
পুরো ইফতার বাজার ঘুরে দেখা গেল, ভিড় বেশ আছে। কিনছেও মানুষ। পুরান ঢাকায় থাকেন ব্যবসায়ী মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘এবার লোক বেশি। আইজক্যা প্রথম কিনলাম। খাইলে বোঝন যাইব মান ঠিক আছে কি না।
দেইখা মনে অইতাছে ঠিক আছে।’
দাম এবার বাড়ছে কি না এমন প্রশ্নের উত্তরে বিক্রেতা শাওন বলেন, ‘খুব বেশি বাড়ে নাই। দু-একটা আইটেম দাম আগের থেকে একটু বেড়েছে। বিক্রি গতকালের (প্রথম রোজা) থেকে কম।’
শুধু পুরান ঢাকার লোকজনই রসনাবিলাসে আসেন, তা নয়; ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ ইফতারি কিনতে আসে এখানে। বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান সুমন থাকেন বনশ্রীতে। বললেন, ‘ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যায়। তাই এখানে আসি। দাম ঠিকঠাকই লাগছে।’
বিকেল যতই মিলিয়ে যায়, বাড়ে রোজাদারের ভিড়। ধুম পড়ে ইফতারি কেনায়। রমজানের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের বাজার যেন ঢাকার সংস্কৃতির অবিচ্ছেদ্য হয়ে আছে।

শিল্পী বিপ্লব বিপ্রদাসের জন্ম আর বেড়ে ওঠা খুলনায়। তাঁর চিত্রকর্মের তৃতীয় একক প্রদর্শনীতে উঠে এল খুলনা অঞ্চলেরই প্রকৃতি-পরিবেশ আর নিজের স্মৃতি। তবে বাস্তবানুগ প্রতিচ্ছবি নয়, খুলনার প্রাণপ্রকৃতিকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন বিমূর্ত কায়দায়।
৪২ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৬ জুন) বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে