রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রগতি সরণির লিংক রোডের মাথায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।









