Ajker Patrika

ডেঙ্গুর ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯: ৪৩
ডেঙ্গুর ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে এডিস মশার ঘনত্ব সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি বা ‘চরম ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক আবদুস সালাম বলেন, ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এডিস মশার লার্ভার ঘনত্ব অনুযায়ী ২৭টি ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত এক দিন জমে থাকা পরিষ্কার পানি অপসারণের অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান এডিস মশার লার্ভা জরিপের ফলাফল তুলে ধরেন। তিনি জানান, ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন কর্মীর মাধ্যমে গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত এই জরিপ চালানো হয়। এ সময় কবো টুলবক্স প্রযুক্তির মাধ্যমে ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স (বিআই), হাউস ইনডেক্স (এইচআই), কনটেইনার ইনডেক্স (সিআই) ও পিউপা ইনডেক্সের (পিআই) মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

জাহানে ফেরদৌস জানান, পরিদর্শন করা বাড়ির মধ্যে ২৮১টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। এগুলোর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫ দশমিক ২৩ শতাংশ, স্বতন্ত্র বা একক বাড়িতে ২৭ দশমিক ৭৬, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ ও সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

এ স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, এসব বাড়ির মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ ও প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেছে।

ডিএসসিসির ‘চরম ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলো উল্লেখ করে জাহানে ফেরদৌস জানান, ডিএসসিসির ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ৩২, ৩৬, ৩৮, ৫২, ৫৫, ৫৬, ৫৭, ৬২, ৬৮ ও ৭৩ ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগামী শনিবার (৬ জুন) ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবে। ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে পর্যায়ক্রমে অন্য অঞ্চলগুলোতেও এই কার্যক্রম নেওয়া হবে বলে জানানো হয় এই অনুষ্ঠানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত