মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ও কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
গতকাল শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নুরজাহান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস রাত ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারী একজন সাংস্কৃতিক কর্মী। তাঁর স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ওই নারীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এসআরবি-২ জানিয়েছে, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









