Ajker Patrika

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি হবে, সরকারি কোয়ার্টার অপরিচ্ছন্ন রাখলে বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি হবে, সরকারি কোয়ার্টার অপরিচ্ছন্ন রাখলে বরাদ্দ বাতিল
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সিটিজেনদের নিয়ে পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা ময়লা-আবর্জনার বিষয়ে পদক্ষেপ না নিলে তাদের আবাসন বরাদ্দ বাতিল হতে পারে-এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

আজ শনিবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ঢাকা মহানগরসহ সব মহানগরকে, বিশেষ করে ঢাকা মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ করতে অনেক কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের নানা কমিটি কাজ করছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা মহানগরে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিংয়ে কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ২০টি আঞ্চলিক অফিসে একটি করে কমিটি করে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে দিক-নির্দেশনা দেওয়ার পর কমিটিগুলো ২৭ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে।

প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার-শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক-ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। এসব জায়গা পরিদর্শনের পাশাপাশি কমিটিগুলো বেশ কিছু সুপারিশও করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুপারিশ অনুমোদন করেছেন। এটি হলো—সিনিয়র সিটিজেন এবং ঢাকা শহরে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করে, তারা রাষ্ট্রের অভিজ্ঞতাসম্পন্ন মানুষ।

প্রধানমন্ত্রী আজ অনুশাসন জারি করেছেন-প্রত্যেক পাড়া-মহল্লায় এসব অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রাষ্ট্রীয়ভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করব, মহল্লায় বিভিন্ন কমিটি গঠন হবে যেগুলোয় তারা উপদেষ্টা হিসেবে বা দায়িত্বপূর্ণ পদে থাকবেন। এর সঙ্গে তরুণদেরও আমরা সম্পৃক্ত করতে চাই। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুতসময়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মীর শাহে আলম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে ঢাকায় সবচেয়ে বাজে অবস্থা সরকারি কোয়ার্টারগুলোর। সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা যদি কোনো কারণে ময়লা-আবর্জনার বিষয়ে তাঁরা কোনো পদক্ষেপ না নেয় বা আগের অবস্থা যদি বিদ্যমান থাকে, সে ক্ষেত্রে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে মর্মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। আমরা কোনো সরকারের মতো বলতে চাই না ঢাকাকে কানাডা, সিঙ্গাপুর বানাব, তবে আমরা ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় রাষ্ট্রকে দায় না দিয়ে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, কীভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

সালেহ শিবলী বলেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ২০টি অঞ্চলে ভাগ করে যে কার্যক্রম শুরু করেছিলেন, সেটির অগ্রগতি তিনি জানতে চেয়েছিলেন। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করি, অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু এমন কিছু বিষয় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যেগুলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাই এসব বিষয় আমরা গণমাধ্যমকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন—প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত