আদাবরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিবি।
আজ শনিবার রাত সাড়ে ৭টায় গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে হেফাজতে নেয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (রোববার) তাঁকে আদালতে পাঠানো হবে।









