Ajker Patrika

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের
ক্যাপশন: রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠ সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ করেন শেকৃবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

গবেষণা মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তাঁরা। বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সিগন্যালে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় গবেষণা মাঠ রক্ষা ও সেখানে সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘কথায় কথায় ঢাকা ছাড়, ঢাকা কি তোর বাপ-দাদার’।

প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে ক্যাম্পাসে ফিরে যান তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. আব্দুল নূর বলেন, ‘আজ এখানে সচিবালয় হওয়া মানে পাঁচ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার উচ্ছেদ হওয়া। পরবর্তী কোনো সরকার এসে হয়তো জিয়া উদ্যান থেকেও কিছু জমি নিতে চাইবে সচিবালয়ের বিস্তৃতি ঘটানোর জন্য। সে ক্ষেত্রে জিয়া উদ্যানও হুমকির মুখে পড়তে পারে। তাই সবচেয়ে ভালো হয় এখানে সচিবালয় নির্মাণ না করা।’

শেকৃবির স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াসিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই দাবি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার দাবি। আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নেমেছি। গবেষণা মাঠ ফিরে না পেলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

শিক্ষার্থীদের দাবি, গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এ মাঠে সচিবালয় নির্মাণ করা হলে গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি রাজধানীর পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টিও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সচিবালয় নির্মাণের জন্য বিকল্প স্থান বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. তাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মাঠটি গবেষণার কাজে ফিরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় আবেদন করে আসছিলেন। মন্ত্রিপরিষদে ওই মাঠে সচিবালয় নির্মাণের উদ্যোগ অনুমোদনের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে মাটি পরীক্ষাসহ (সয়েল টেস্ট) বিভিন্ন কার্যক্রম চলতে দেখেন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন করে আপিলের উদ্যোগ চলার মধ্যে কেন এত দ্রুত এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, সে প্রশ্ন তোলেন তাঁরা। প্রথম দিন শিক্ষার্থীরা মেলার কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তা স্থগিত করতে বলেন। পরদিনও মাঠে গিয়ে কার্যক্রম চলতে দেখে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে আনে।

আজকের আন্দোলন প্রসঙ্গে অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। এ সময় তাঁদের বোঝানো হয়, ঢাকা শহরে এমনিতেই যানজট রয়েছে। এর মধ্যে সড়ক অবরোধ করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষ যেন ক্ষুব্ধ না হন বা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শেকৃবি শিক্ষার্থীরা। গবেষণা মাঠ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মাঠটি গবেষণার কাজে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত