পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যু

রাত ৩টার দিকে রাজধানীর পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন কয়েকজন। এ সময় ট্রাকচাপায় টং দোকানে উঠে যায়। এ সময় টং দোকানের সামনে থাকা দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সিএনজি অটোরিকশা চালক।
বুধবার দিবাগত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার শাহ আলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়।
নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালাতেন। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের ওপর উঠে যায় এবং ৪-৫টি টং দোকানও গুঁড়িয়ে দেয়।
এদিকে নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম বলেন, আমার স্বামী অটোরিকশা চালক। বর্তমানে কদমতলী এলাকায় থাকি। আজ ভোরের দিকে দু্র্ঘটনার সংবাদ পাই। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। জানতে পারি পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।









