
রাজধানীর ব্যস্ততম সড়কগুলোয় ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে পায়েচালিত রিকশা ও অটোরিকশাচালকদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বেশি। নির্দিষ্ট প্রধান সড়কগুলোয় রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। নিয়মের তোয়াক্কা না করেই এসব সড়কে নির্বিঘ্নে চলছে রিকশা।
মোটরসাইকেল চালকেরাও আইন ভাঙছেন। ফুটপাতে উঠে পড়ার প্রবণতা মোটরসাইকেল চালকদের মধ্যে আগে থেকেই আছে। সম্প্রতি সে প্রবণতা আরও বেড়ে গেছে। এ ছাড়া সিগন্যাল অমান্য করে যানজটের সৃষ্টি করা, উল্টো পথে ঢুকে পড়া, পথচারীদের পদচারী-সেতু না ব্যবহার করা—এসব অনিয়ম সাধারণ বিষয় হয়ে উঠেছে। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম কিছু সড়ক ও মোড়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে দেখা যায়, একটি সিগন্যাল বন্ধ করে আরেকটি ছাড়ার আগেই অন্যপাশ থেকে গাড়িগুলো চলে আসছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। কেউ কাউকে সুযোগ না দিয়ে নিজে আগে যাওয়ার চেষ্টায় মত্ত। এ প্রবণতা রিকশাচালক ও মোটরসাইকেলচালকদের মধ্যে বেশি দেখা গেছে। নীলক্ষেত থেকে আজিমপুর যাওয়ার রাস্তায় কিছু রিকশা উল্টো সড়কে আসতে দেখা গেছে। বাধা দিতে গেলে পুলিশ সদস্যদের সঙ্গে বিরূপ আচরণ করেন কেউ কেউ। পথচারীদের ক্ষেত্রেও একই চিত্র। পদচারী-সেতু থাকার পরও অনেকে সরাসরি ব্যস্ত সড়ক পেরিয়ে যান।
আইন ভাঙার কারণ জানতে চাইলে অনেকেই জরুরি কাজের অজুহাত দেন। কেউ কেউ আবার পুলিশের ব্যর্থতাকেই দোষারোপ করেন। এমনই একজন রিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘একটা-দুটা গাড়ি এমন যায়-ই। এর কারণে তো আর জ্যাম হয় না। যখন জ্যাম থাকে তখন এ রকম করি না। প্রাইভেট কার, মোটরসাইকেল তো পুলিশের সামনে দিয়েই যায়, তাদের বেলায় তো পুলিশ কিছু বলে না।’
নিউমার্কেটে পদচারী-সেতু ব্যবহার না করার বিষয়ে কাওসার হোসেন নামের এক পথচারী বলেন, ‘নীলক্ষেত মোড়ে একটা আর সায়েন্স ল্যাব মোড়ে একটা পদচারী-সেতু। এর মধ্যে কিছু নেই। নিউমার্কেটের সামনের পদচারী-সেতুর কাজ তো চলছে কয়েক বছর ধরে! আর যে পদচারী-সেতু আছে, তার নিচে দোকানপাট বসে এমন অবস্থা করেছে, যে এর চেয়ে রাস্তা দিয়ে পার হওয়াই ভালো।’
নীলক্ষেত এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরচালিত রিকশাচালকদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা সবচেয়ে বেশি। মোটরসাইকেলচালকদের মধ্যেও এ প্রবণতা রয়েছে। তিনি বলেন, ‘বাধা দিতে গেলে আমাদের কনস্টেবলদের সঙ্গে অনেকেই খারাপ আচরণ করেন। এ ছাড়া নিউমার্কেট ও নীলক্ষেতের সড়কে মাঝের ডিভাইডারে রেলিং নেই। পথচারীরা যেখানে-সেখানে রাস্তা পার হচ্ছেন। এটি যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা বারবার সিটি করপোরেশনকে জানিয়েছি; কিন্তু রেলিংগুলো ঠিক করা হয়নি। রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে থাকে, যা চলাফেরায় সমস্যার সৃষ্টি করছে।’
রাশেদুল ইসলাম আরও বলেন, ‘নিউমার্কেটে একটি পদচারী-সেতুর কাজ তিন বছরেও শেষ হয়নি। মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে পার হচ্ছেন। এখন যাঁরা রাস্তা পার হয়ে যানজট সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে তো আর মামলা দেওয়া যায় না।’
রামপুরা টিভি সেন্টারসংলগ্ন রাস্তায় একমুখী সড়কে উল্টো পথে আসা এক মোটরসাইকেলচালক বলেন, ‘এদিক দিয়ে সব গাড়িই উল্টো পথে আসে। মোটরসাইকেল, প্রাইভেট কার, এমনকি ট্রাকও। টিভি রোডে ঢোকার জন্য ওই বরাবর কোনো ইউটার্ন নেই। তাহলে উল্টো আসবে না তো কী করবে?’
মূল সড়কে রিকশার চলাচল প্রসঙ্গে শাহবাগ জোনের ট্রাফিক পরিদর্শক এ কে মঞ্জুরুল আলম বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রাফিক সহায়তাকারী ছাত্ররা থাকেন, তখন লোকবল বেশি থাকায় আমরা রিকশা প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু ১২টার পর তাঁরা চলে গেলে রিকশাগুলো অনিয়ন্ত্রিত হয়ে যায়। প্রয়োজন অনুযায়ী আমাদের জনবল নেই, তাই সমস্যাগুলো বাড়ছে।’
এসব বিষয়ে নিয়ে কথা বলার জন্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২২ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৬ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৯ মিনিট আগে