আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার চালু

যাত্রীদের সুবিধার্থে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বুধবার থেকে চালু হওয়া এ কাউন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বলাকায় অবস্থিত বিমানের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের টিকিটসংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া টিকিট পুনরায় ইস্যু করার প্রয়োজন হলে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।
যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।









