Ajker Patrika

জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭: ৫৫
জাহাজ বাড়িতে জঙ্গি নাটক: অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন আসামি।

মামলার আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শেখ হাসিনা ছাড়া পলাতক আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসির প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

এ মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে অভিযোগ আমলে নেওয়ার ৯ মাসেও মামলার অভিযোগ গঠন হয়নি। এর আগেও কয়েক দফা পেছানো হয় অভিযোগ গঠনের শুনানি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় ২০১৬ সালে রাজধানীর মিরপুর এলাকায় জঙ্গি নাটক সাজিয়ে ৯ জন নিরীহ যুবককে হত্যা করা হয়েছিল। ওই ঘটনা জাহাজ বাড়ির ঘটনা নামে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত