Ajker Patrika

নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯: ৪৬
নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার
দুজনকে কেরানীগঞ্জ থেকে এবং অপরজনকে রাজধানী ঢাকা থেকে আজ বুধবার সকালে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে এবং অপরজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনই কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯) নামে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা নাজিম ও আকাশকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই দিন সকালে রাজধানী ঢাকার একটি ফ্ল্যাট থেকে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট। তিনি সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, জুলাইয়ের আন্দোলনের পর থেকে মাসুদ রানা রাজধানীর একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। এ সময় কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাঁকে সামনের সারিতে দেখা যেত বলেও জানা গেছে।

মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি তাঁর একাধিক সহযোগী নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা ছাত্রলীগের এক সহসভাপতি জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজধানীর একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করছিলেন। আজ সকালে ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত