বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিবি সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে ডিবির উত্তরা বিভাগের একটি দল এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে ঢাকায় নিয়ে আসে। পরে ২০২২ সালে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আবুল হাসান এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। মামলার এজাহারে আবুল হাসান ১৭১ নম্বর আসামি।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
ডিবি সূত্রের দাবি, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানা ভবন পুড়ে যায়।









