
কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত কর্মসূচি ‘আধিপত্যবাদ বিরোধী মার্চ’ আটকে দিয়েছে পুলিশ। ফেলানী হত্যার বিচারের দাবিতে আজ বুধবার বিকেলে রাজধানীর বাড্ডার শাহজাদপুর থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল নিয়ে এগোলে তা পুলিশের বাধার মুখে পড়ে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ডাকে এই কর্মসূচি পালনের লক্ষ্যে আজ বিকেলে শাহজাদপুরে জড়ো হন দলের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে তাঁরা বারিধারায় ভারতীয় হাইকমিশনের কাছাকাছি যাওয়ার আগেই ব্যারিকেড দিয়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
এনসিপির নেতা-কর্মীরা এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’; ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘কাঁটা তারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’; ‘ওয়ান টু থ্রি ফোর, ইন্ডিয়া নো মোর’; ‘এক দুই তিন চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’; ‘ভারতের গোলামি, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দিতে থাকেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ হওয়ার পর পাঁচ ঘণ্টা তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরব হওয়ার পর ২০১৩ সালে ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। তবে রায়ে খালাস পান অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তিতে ২০১৪ সালে আবার বিচার হলে সেখানেও খালাস পান তিনি। এরপর ২০১৫ সালের ১৪ জুলাই ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের মাধ্যমে দেশটির উচ্চ আদালতে রিট আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। মামলাটির এখনো নিষ্পত্তি হয়নি।
আজ কর্মসূচিতে এনসিপির নেতা-কর্মীরা বলেন, ফেলানী হত্যার ১৫ বছর পেরিয়ে যাওয়ার পরও বিচার হয়নি। এই বিচার নিশ্চিত করতে হবে। ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে এ দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগের সময়।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘সীমান্তে সেদিন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারতের মদদে আওয়ামী লীগ পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল।’
এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আদালতে ভারতেরও বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোনো দেশ নাক গলানোর চেষ্টা করলে জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে