
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ সময় তাঁরা ব্যাংকের সব পর্ষদ সদস্যদের পদত্যাগ দাবিও করেন।
গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুতে রয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে কয়েক শত লোক অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তাঁরা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহক আব্দুল হান্নান খন্দকার বলেন, ‘ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বিগত স্বৈরাচারী সরকার এই ব্যাংকটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এস আলম গ্রুপকে এর দায়িত্ব দেয়। তারা এই ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার করে ব্যাংকটিকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছিল। বর্তমান চেয়ারম্যান (খুরশীদ আলম), যিনি জুলাই বিপ্লবের সময় পালিয়ে গিয়েছিলেন, তাঁকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ফ্যাসিস্টের দোসর। আমরা অবিলম্বে তাঁর পদত্যাগ চাই।’
জানা যায়, একই দাবিতে প্রধান কার্যালয়ের পাশাপাশি সারা দেশের সব শাখার সামনেই মানববন্ধন করছে সচেতন গ্রাহক ফোরাম। তাঁরা এস আলমকে ফিরিয়ে এনে বিচার এবং পাচার করা অর্থ ফেরত আনার দাবি জানান।
ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংক তাঁকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। বাংলাদেশ ব্যাংক তাঁকে এই পদে নিয়োগ দেয়।

গ্রাহকেরা জানান, ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সমাবেশ আহ্বান করা হয়। তবে পুলিশ বাধা দেয়। পাশাপাশি লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় প্রায় ২৫ জন গ্রাহক আহত হয় বলে দাবি সচেতন গ্রাহক ফোরামের।
২০১৭ সালে গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এর পর থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালকেরা ব্যাংকটি পরিচালনা করছেন।
এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। কোনো ব্যাংকে রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না। সড়কে আন্দোলন করে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন আনা যাবে না।
২০১৬ সালে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ৪ দশমিক ২৫ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে। ব্যাংকটির ৯৪ হাজার কোটি টাকার বেশি ঋণ এখন খেলাপি।

আশুলিয়ার জামগড়ায় প্রীটি কম্পোজিং লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে আনা গ্যাস কারখানায় ব্যবহার করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
৫ মিনিট আগে
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২ মিনিট আগে
চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ সরাতে গেলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়েছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ মিনিট আগে
খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
১ ঘণ্টা আগে