
আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেন (৩১)।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মাহমুদ হাসান মেহেদী (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।
বিকেলে আসামিদের আদালতে হাজির করে বনানী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. নূর উদ্দিন আসামি সানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। অন্য পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
অন্যদিকে আসামিদের পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
দুজনের রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিদ্বয় ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও সময় স্বল্পতার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্য পাঁচ আসামিও ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। কাজেই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন।
এর আগে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধ হয়ে হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালায় তারা। তাকে কিল ঘুষি মারতে থাকে। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। একজন তলপেটে লাথি মারে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলার বাদী এবং পরাণ সরকার, রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে জখম করে। পরে তারা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৮ মিনিট আগে
মে মাসে মশ্মিমনগর খালের জন্য ৫৯ জন এবং মোবারকপুর খালের জন্য ৩০ জন শ্রমিক নিয়ে খননকাজ শুরু হয়। মশ্মিমনগর খাল থেকে ১১ হাজার ৩৬২ দশমিক ৮৩ ঘনফুট এবং মোবারকপুর খাল থেকে ৫ হাজার ১৪৯ দশমিক শূন্য ২ ঘনফুট মাটি কাটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
২০ মিনিট আগে
রমনা বিভাগীয় এলাকা থেকে ৩৪ জন, লালবাগে ৩৭, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৫৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৩১, উত্তরায় ৭১, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজন রয়েছেন।
২৬ মিনিট আগে
নোয়াখালী পৌর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার স্টিক ও লুণ্ঠিত ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে