
স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী নিজেদের নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আজ আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদী তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসানও আদালতে উপস্থিত ছিলেন।
শুনানির সময় আদালত নাসির ও তামিমাকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ও বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনান। তাঁরা দোষী না নির্দোষ বিচারকের প্রশ্নের জবাবে দুজনই বলেন তাঁরা নির্দোষ।
পরে বিচারক তাঁদের জিজ্ঞেস করেন তাঁরা সাফাই সাক্ষ্য দেবেন কি না। দুজনেই বলেন, তাঁরা আদালতে সাক্ষ্য দেবেন এবং আগামী তারিখে আত্মপক্ষ সমর্থনের পক্ষে লিখিত দেবেন। আদালত আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য দিন ধার্য করেন।
বাদীর আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৬ এপ্রিল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। মামলায় বাদী পক্ষে মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন। একই আদেশে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
রাকিব মামলার অভিযোগে বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।
পরে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেন।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে