Ajker Patrika

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ৩ ঘণ্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৫: ৪৫
মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ৩ ঘণ্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে আজ শনিবার দুপুরে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। ছবি : আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা সদৃশ পরিত্যক্ত বস্তু দুটি কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনাটি নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানায়, সন্দেহজনক ব্যাগে মিলেছে জর্দার কৌটা ও পান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর এবং সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে আজ শনিবার দুপুরে ঢাকার এই দুটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের নিচে বস্তা ও ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিএমপির সংশ্লিষ্ট থানা-পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

ডিএমপি সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবরের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে ভেতরের একটি কৌটাসদৃশ ইমেজ দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায়, তাতে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি পাওয়া যায়নি।

অন্যদিকে, ফার্মগেট (তেজগাঁও থানা) এলাকায় মেট্রোরেল স্টেশনের কাছে একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহ তৈরি হলে সেখানেও বোম্ব ডিসপোজাল ইউনিট হাজির হয়। ইউনিট সদস্যরা হাত দিয়ে নিরাপদে (হ্যান্ড এন্ট্রি) বস্তাটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে সেটির ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত