Ajker Patrika

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির পালিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আজ সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এবং ডিএসসিসির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আলমোজাদ্দেদী আলফেছানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরজীবনকে বাসযোগ্য রাখতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বায়ুদূষণ ও পরিবেশগত অবক্ষয়ের কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি বাড়ছে। ঢাকার বায়ুও ক্রমেই দূষিত হয়ে উঠছে। এ পরিস্থিতির পরিবর্তনে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে অংশ নিতে হবে। দেশের প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগালে অল্প সময়ের মধ্যেই কয়েক কোটি গাছ রোপণ করা সম্ভব।

আবদুস সালাম আরও বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজ ও দেশের সামনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এবং ডিএসসিসির সহযোগিতায় ক্যাম্পাসে এ কার্যক্রম শুরু হয়েছে।

উপাচার্য আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই মাস থেকে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গণেশ আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ডিএসসিসি ৫০০টি গাছের চারা দিয়ে সহযোগিতা করেছে। শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের সবুজায়নে ভূমিকা রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

পরে অতিথি ও ছাত্রদলের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত