
‘যখন গোনে (মাছ প্রক্রিয়াজাতকরণে) কাজ করি, মাছের মাথা কাটতি কাটতি হাত এমনভাবে ছিলি যায় যে রক্ত ঝরতি থাকে। বাড়িত যেয়ে যখন খেতি বসি, নিজের হাতে ভাত মাইখে খাওয়ার অবস্থা থাকে না। ছেলেকে বলতি হয়, “বাবা, ভাতটা মেখি একটু মুখে তুলি দিবি? ” ওই রক্তাক্ত হাত নিয়েই পরদিন আবার কাজে যাতি হয়, না গেলি সংসার চলবি কেমনে।’ কথাগুলো বলছিলেন বাগেরহাটের মৎস্য ও কৃষি খাতে কাজ করা নারী শ্রমিক শিউলি বেগম।
আজ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে ‘উপকূলীয় মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে শ্রমিকদের অভিজ্ঞতা, বিদ্যমান সংকট এবং সম্ভাব্য করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে এই দুর্দশার কথা তুলে ধরেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান এইডের’ সহযোগিতায় ‘কর্মজীবী নারী’ এই সংলাপের আয়োজন করে।
শিউলি বেগম জানান, তিনি আগে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় স্থায়ী শ্রমিক ছিলেন। তবে সন্তানসম্ভবা হওয়ার পর কোনো ধরনের মাতৃত্বকালীন সুবিধা না পাওয়ায় স্থায়ী চাকরি ছেড়ে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। বর্তমানে তিনি কখনো মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায়, আবার কখনো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
শিউলি বলেন, কোম্পানি থাকলে শ্রমিকদেরও কাজের সুযোগ থাকে। তাই কোম্পানির বিরুদ্ধে নয়, বরং কোম্পানির স্বার্থরক্ষা করে শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করার দাবি তাঁর।
শিউলি বেগমের ভাষ্য, অধিকাংশ নারী শ্রমিকই বিধবা, তালাকপ্রাপ্ত কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের দায় কাঁধে নিয়েই তাঁরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। কিন্তু সেই পরিশ্রমের যথাযথ মূল্য পান না।
সংলাপে মৎস্য খাতের নারী শ্রমিকেরা জানান, কারখানায় বরফের মধ্যে কাজ করার জন্য প্রয়োজনীয় গ্লাভস দেওয়া হয় না। নিজেদের টাকায় গ্লাভস, অ্যাপ্রোন, গামবুটসহ অন্য সরঞ্জাম কিনতে হয়। হাতে ক্ষত হলে চিকিৎসার খরচও শ্রমিকদের নিজেদেরই বহন করতে হয়।
আরেক শ্রমিক কোহিনূর বেগম বলেন, ‘আমরা স্থায়ী শ্রমিক হলেও আজ পর্যন্ত নিয়োগপত্র পাইনি। আমি জানি না আমার কয়দিন ছুটি আছে, আমি কখন ছুটি নিতে পারব। আমার বেতন ৭০০০ টাকা, ঈদ আসলে বোনাসটাও পুরোপুরি পাই না।’
সংলাপে সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবীর। প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারীর উপদেষ্টা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
সুলতান উদ্দিন বলেন, বদলে যাওয়া পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চলের জনগণ। যখন মৎস্য আহরণ বন্ধ থাকবে, তখন এই খাতের সঙ্গে জড়িত সবার জন্য তাঁদের কর্মহীন সময়ে কার্ডের ব্যবস্থা থাকতে হবে। সেটির মাধ্যমে যেন তাঁরা কর্মহীন সময়ে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এ খাতের শ্রমিকদের জন্য শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে বিশেষভাবে সুপারিশ করা হয়েছে। এ সেক্টরের শ্রমিকদের জন্য প্রাসঙ্গিক অংশীজনদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং একটি পলিসি করতে হবে।
শ্রমবিষয়ক গবেষক অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বলেন, গবেষণা থেকে উঠে এসেছে শ্রমিকেরা আসলে নিরাপদ এবং স্থায়ী কর্মসংস্থান চান। সেটি নেই বলেই তাঁকে নানা ধরনের অনিরাপদ কাজে যুক্ত হতে হচ্ছে। স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সংস্থা একটি প্ল্যাটফর্ম করতে পারে, যেন শ্রমিকেরা সহজে সেবার সুযোগ পান। নারী শ্রমিকদের জন্য সমন্বিত সামাজিক সুরক্ষা প্রয়োজন, মাতৃত্বকালীন সুবিধা এবং একটি ন্যাশনাল ডেটাবেইস প্রয়োজন।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এস হুমায়ুন কবির বলেন, ‘আগে ফ্রোজেন ফুড খাতের ১৬২টি ফ্যাক্টরি ছিল। তবে এখন ২০-২২টি ফ্যাক্টরি চালু আছে। চিংড়িতে কিছু মধ্যস্বত্বভোগী যে বিজাতীয় দ্রব্য পুশ করে, সেটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটাপন্ন করে তুলেছে। এ জন্য তিনি উপকূলীয় নারীদের উন্নয়নে শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ ও পরিবহন, জলবায়ু-সহনশীল কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, সমান মজুরি, আর্থিক অন্তর্ভুক্তি, নেতৃত্ব বিকাশ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেন।
সংলাপে মৎস্যশিল্প খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা মৃতপ্রায় মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে শ্রমিকের স্বার্থে এবং দেশের প্রয়োজনে বাঁচিয়ে রাখার আহ্বান জানান। এই খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার সংকল্পের কথা জানান তাঁরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
২৩ মিনিট আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের মানুষ একজন যোগ্য ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন নিহত তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল।
১ ঘণ্টা আগে