Ajker Patrika

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

অরূপ রায়, সাভার
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৮: ১৭
আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা
কাভার্ড ভ্যানে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষের জেরে আজ সোমবার ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, কালো তালিকাভুক্ত না করাসহ তিন দফা দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি কাভার্ড ভ্যানে আগুন দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি নিক্ষেপ করেন। এতে অন্তত ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। দুপুরের পর শ্রমিকেরা বাসায় ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা নরসিংহপুরে হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে রাখা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

এদিকে, বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকেরা পিকার্ড বাংলাদেশ লিমিটেড, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারি গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড ও জিকিউ ইন্ডাস্ট্রিজের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি নিক্ষেপ করেন। এতে অন্তত ১২ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ আশুলিয়ার ২৬৪টি কারখানায় কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নিউএজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, ‘গতকাল রোববারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউএজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের মুখে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কর্তৃপক্ষ ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণা করে। দুপুরের পর শ্রমিকেরা বাসায় ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান আজ আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। যাঁরা এ পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ইন্ধনদাতাসহ সব তথ্য পুলিশের কাছে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত