
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি অধ্যাপক হাসিবুর। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা অধ্যাপক হাসিবুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রংপুরে আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। সে সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন অধ্যাপক হাসিবুর রশীদ। আবু সাঈদের মৃত্যুর পর উপাচার্যের পদত্যাগ দাবি করে তাঁর বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় ক্যাম্পাস ছাড়েন তিনি। এরপর ২০২৪ সালের ৮ আগস্ট ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন তিনি। এই দায়িত্ব পাওয়ার আগে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি অধ্যাপক হাসিবুর রশীদের মামলার রায় হয়। রায়ে এই মামলার ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গত বছরের ৩০ জুন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে