
দেশে চলমান গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত পরিবহন খাতে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি এবং প্রায় ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে বলে দাবি করেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সদস্যসচিব মু. গোলাম ফারুক।
লিখিত বক্তব্যে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সম্প্রতি মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সংকট আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে সিএনজিচালিত পরিবহন খাতে।
লিখিত বক্তব্যে জানানো হয়, পরিবহন খাতে মোট গ্যাসের মাত্র সাড়ে ৪ শতাংশ বা ১২০ এমএমসিএফটি সরবরাহ করা হয়। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। এতে যানবাহনের মালিক-শ্রমিক উভয়ই ক্ষতির মুখে পড়ছেন।
সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু সিএনজি ফিলিং স্টেশন অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে। এতে সিএনজিচালিত যানবাহনের জন্য নির্ধারিত গ্যাসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং সংকট আরও তীব্র হচ্ছে।
ঐক্য পরিষদের দাবি, ‘গ্যাস আইন-২০১০’ ও ‘গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪’ অনুযায়ী সিএনজি ফিলিং স্টেশন থেকে যানবাহন ছাড়া অন্য কোথাও গ্যাস সরবরাহ নিষিদ্ধ। এরপরও অবৈধভাবে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ফিলিং স্টেশনগুলোর জন্য পৃথক (ডেডিকেটেড) গ্যাস লাইন স্থাপন, যানবাহনের জন্য বরাদ্দ গ্যাস শুধু বৈধ সিএনজিচালিত যানবাহনে সরবরাহ নিশ্চিত করা এবং ফিলিং স্টেশনগুলোতে অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
দাবি আদায়ে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অ্যাপ-বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়ন, বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, ঢাকা মেট্রোপলিটন অটো টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর সিএনজি মালিক সমিতি, ঢাকা সিটি অটোরিকশা মালিক সমিতিসহ ১৯টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে অস্ত্রোপচারে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আল-জারা স্পেশালাইজড হাসপাতালসহ পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিমের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং ‘মিল্ক ভিটা’র নাম অনুকরণ করে ‘মিল্ক মিঠা’ নামে পণ্য বাজারজাতের অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২২ মিনিট আগে
গতকাল সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে জামিল শেখকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করা হত্যা মামলার মূল আসামিকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার ভাড়িভাষা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে।
৪০ মিনিট আগে