সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য দোলন

রাজধানীর ধানমন্ডি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে সাবেক এমপি দোলনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সেলিম রেজা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ নভেম্বর আদালতের নির্দেশে এমপি দোলনকে সাত দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই দিন একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা আরিফ আহমেদকে তমালকে (তমাল মাহবুব) চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এই দুজনকে চার দিনের রিমান্ডে শেষে গত সোমবার কারাগারে পাঠানো হয়।
এর আগে ১৯ নভেম্বর রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে ও আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ মে ধানমন্ডি ৩২ নম্বর সেতুর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আতাউল হক দোলন ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
মো. মিজানুর রহমান ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার দিবাকরকাঠী গ্রামে।
তমাল মাহবুব ছোট পর্দার অভিনেতা। ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।










