Ajker Patrika

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৪
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে সেলুনে ঢুকে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ফরহাদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেলুনমালিক ইরফান জানান, বেলা ৩টার দিকে ফরহাদ তাঁর সেলুনে চুল কাটাতে ও শেভ করতে আসেন। শেভের শেষ মুহূর্তে তিন যুবক সেলুনে ঢুকে তাঁকে কাছ থেকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেলুনের বাইরে বের হলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ফরহাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। তাঁকে মাঝেমধ্যে এলাকায় আসতে এবং চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যেত।

স্থানীয় যুবক সোহেল জানান, ফরহাদ মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ অন্যতম সদস্য ছিলেন। তিনি মাঝেমধ্যে আরশিনগর এলাকায় আসতেন। তবে স্থানীয়দের অনেকেই জানতেন না যে, তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিহত যুবকের নাম ফরহাদ। হত্যাকারীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তি ও হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত