
রাজধানীর মিরপুরে যাত্রী ওঠানোর জন্য দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। পরে ঢাবি শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজধানীর মিরপুরে বাসের মালিকসহ ‘মিরপুর সুপার লিংক’ এর পাঁচটি বাস জব্দ করে। পরে বাসের ওই চালক ও তাঁর সহকারীকে এনে ভুক্তভোগী শিক্ষকের পা ধরে মাফ চাইতে বাধ্য করেন তাঁরা।
গতকাল শুক্রবার দুপুরে মিরপুর ১১ নম্বর এলাকার সড়কে মারধরের এ ঘটনা ঘটে। ওই বাসচালকের নাম মো. সেলিম এবং বাসমালিকের নাম মো. হাসান।
মারধরের বিষয়টি বর্ণনা করে ঢাবির ভুক্তভোগী শিক্ষক বিকেলে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ঘটনার বর্ণনায় তিনি লেখেন, শুক্রবার দুপুরে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে নিউমার্কেট থেকে মিরপুরে যাওয়ার জন্য মিরপুর সুপার লিংকের (৩৬ নম্বর) বাসে ওঠেন। বাসটি মিরপুর-১০ নম্বর সিগনালে যাত্রী ওঠানোর জন্য ইচ্ছাকৃত বিলম্ব করছিল। এ নিয়ে তাঁর বাগ্বিতণ্ডা হয় বাসচালক এবং সহকারীর সঙ্গে। একপর্যায়ে তারা ভুক্তভোগী শিক্ষককে লাস্ট স্টপেজে নিয়ে পেটানোর হুমকি দেন। এমনকি তাঁরা অন্য যাত্রীকেও সঠিক স্থানে নামতে দিচ্ছিলেন না। এ নিয়ে রাগারাগি করেন তিনি। পরে তিনি মিরপুর-১১ নম্বরের কাছে বাস থামাতে বাধ্য করলে বাসচালক ও তাঁর সহকারীও নেমে আসেন। সেখানে ওই বাসচালক একটি বাঁশ জোগাড় করে তাঁর মাথায় আঘাত করেন, পেটে লাথি দেন এবং পরনের টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলেন।
পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এরপর ওই দিন বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে মিরপুর সুপার লিংকের ৫টি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। অন্যদিকে মিরপুরে বসবাসকারী ঢাবি শিক্ষার্থীরাও মিরপুর লিংকের ছয়টি বাস আটকে দেন। শিক্ষার্থীদের চাপের মুখে বাসচালক ও তাঁর সহকারীকে আটক করে পল্লবী থানা-পুলিশ।
এ বিষয়ে মিরপুরে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চাপে পুলিশের মাধ্যমে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা তাদের উপযুক্ত শাস্তির দাবি করেছি। থানায় দায়িত্বরত ওসিও উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।’
এ নিয়ে ভুক্তভোগী ঢাবি শিক্ষক আদীব শাহরিয়ার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (বাসচালক ও সহকারী) আমার পা ধরে মাফ চেয়েছে। আমিও তাই আর মামলা করিনি। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আজকে আটককৃতদের ম্যাজিস্ট্রেটের সহায়তায় কোর্টেও তুলতে পারে। তারা অন্য কোনো পদক্ষেপও নিতে পারে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে