
লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত বা রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
আজ শুক্রবার রাতে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট—এই ছয় প্রতিষ্ঠানে আদ্-দ্বীন হাসপাতাল থেকে আসা রোগীদের কোনো বিলম্ব ছাড়াই জরুরি চিকিৎসাসেবা দিতে হবে।
চিঠিটি সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক এবং আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালককেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ১১ জুন ২০২৬ তারিখে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উক্ত হাসপাতাল থেকে যেসব রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর বা রেফার করা হচ্ছে, তাদের যেন কোনো রকম বিলম্ব ছাড়াই তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ মে ভোরে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলা এবং চিকিৎসকের অনুপস্থিতির সুস্পষ্ট প্রমাণ মেলায় ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে আদ্-দ্বীন কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের পর হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং জরুরি বিভাগসহ বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন রোগীর সেবা অব্যাহত রাখা হলেও তাঁদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয় অধিদপ্তর।
আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ
২৬ মিনিট আগে
রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে থাকা সাতজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজনের ময়নাতদন্ত করা হয়েছে। বাকি ছয়জনের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে
৩৬ মিনিট আগে