চলন্ত গাড়ি থেকে ছোঁ মেরে হাতব্যাগের সঙ্গে নারীকেও কয়েক গজ টেনে নিয়ে গেল ছিনতাইকারীরা

গতকাল শনিবার ভোর। রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে এক নারী দাঁড়িয়ে আছেন। হাতে ভ্যানিটি ব্যাগ। পাশেই একটি ট্রলি ব্যাগ।
হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার সেখানে আসে। চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একজন ওই নারীর হাতের ব্যাগটি ধরে টান দেন। ব্যাগ ধরে থাকায় ওই টানে তিনি মাটিতে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে কয়েক গজ দূরে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দেন। গাড়িটি চলে যায়।
এই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে আশপাশের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক–দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যাগটি টান দেন। নারীর ব্যাগটি ধরে থাকায় মুহূর্তের মধ্যে তাঁকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ফুটপাতেই ছিল। পরে আশপাশে থাকা কয়েকজনকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকিরা নারীর দিকে এগিয়ে যান। ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপির রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।’
এখনো কোনো মামলা না হলেও পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ। ওই নারীরও সন্ধান করছে তারা।
আরও খবর পড়ুন:
- ২০০০ কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক
- বিসিএস স্বাস্থ্য: চিকিৎসকদের জন্য ৩ হাজার নতুন পদ
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার
- চীনে পুনরায় শুরু হচ্ছে অসমাপ্ত ‘গোল্ডিন ফিন্যান্স ১১৭’ ভবনের নির্মাণকাজ
- পুরুষদের জন্য হাইড্রোজেল জন্মনিরোধক ‘অ্যাডাম’: একবার ব্যবহারে নিশ্চিন্ত দুই বছর











