Ajker Patrika

অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে: জেএসডি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে: জেএসডি
জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ প্রতিনিধি সভা। ছবি: সংগৃহীত

পুরোনো ক্ষমতাকাঠামোর বিলোপ ঘটিয়ে অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আজ শনিবার বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন না রেখে জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত করতে হবে।

স্বপন আরও বলেন, রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। কেবল সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তনের মধ্য দিয়েই প্রকৃত রাষ্ট্র রূপান্তর সম্ভব।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের কর্মসূচি প্রণয়ন, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে দলের সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিক উদ্‌যাপনের উপলক্ষ নয়। এটি দলের ঐতিহাসিক ভূমিকা পর্যালোচনা, রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ।

তৌহিদ বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এবং রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে জেএসডির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় অ্যাডভোকেট কে এম জাবিরকে আহ্বায়ক এবং কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটি গঠন করা হয়।

সভায় আরও বক্তব্য দেন দলের সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এস এম সামছুল আলম নিক্সন, আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত