রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপরে সিএনজি অটোরিকশার ধাক্কায় গোলাম রব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নুর মোহাম্মদ (৪০) নামে আরেক ব্যক্তি।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিক গোলাম রব্বানীকে মৃত ঘোষণা করেন।
আহত নূর মোহাম্মদ জানান, তারা যাত্রাবাড়ি শনিরআখড়ায় পাশাপাশি বাসায় থাকেন। গোলাম রব্বানী গুলশানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকরি করতেন। তার মোটরসাইকেলে রব্বানীকে পেছনে বসিয়ে গুলশান যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ব্রিজে উঠলে একটি সিএনজি অটোরিকশা পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে আহত হন গোলাম রব্বানীসহ তিনি। পরে তিনি নিজেই রব্বানীকে প্রথমে ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রব্বানীকে মৃত ঘোষণা করেন।
নিহত রব্বানী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাঠালিয়া গ্রামের সামসু সরদারের ছেলে। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ি শনির আখড়া জাপানি বাজার এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত নুর মোহাম্মদের হাতে আঘাত পেয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।










