
রাজধানীর বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা নামের ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটটি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের। তাঁর স্ত্রী একজন চিকিৎসক। বিবি হালিমা প্রায় ছয় মাস ধরে তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনে চাকরি করি। আমার ১১ মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে। আমার মেয়েটিকে দেখার জন্য হালিমা নামের এক গৃহকর্মীকে ছয় মাস আগে বাসায় রাখা হয়। তার মাও আমার পাশের বাসায় কাজ করেন।’
শরিফুল ইসলাম আরও বলেন, ‘আজ আমার রানার (সৈনিক) বাজার করে দিয়ে বাসা থেকে চলে আসে। রানার জানায়, পরে সে বাজারগুলো ফ্রিজে উঠিয়ে রাখে। এরপর ওই রানার তার রেশন তুলতে যায়। পরে সে রেশন তুলে এসে লবণ কিনে আবার বাসায় আসে। আমার ১১ মাস বয়সী বাচ্চা একাই খেলছিল। আমার মেয়েকে কোলে নিয়ে আমার রানার, ‘‘হালিমা হালিমা’’ বলে ডাকছিল। কিন্তু তার কোনো সাড়াশব্দ নেই। পরে সে বুঝতে পারে, বাথরুমে আছে। অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না।’
শরিফুল ইসলাম বলেন, ‘পরে সে আমাকে ফোনে বলে, ‘‘স্যার ১০ মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, হালিমা বাথরুমের দরজা খুলছে না। আপনি দ্রুত আসেন।’’ যেহেতু আমার বাসা বিজিবির ভেতরই, আমি দুই-তিন মিনিটের মধ্যে দ্রুত বাসায় চলে যাই। পরে আমরাও ধাক্কাধাক্কি করি, কিন্তু দরজা খোলে না। পরে থানা-পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে দেখে—শাওয়ারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’
হালিমার বাড়ি কামরাঙ্গীরচরের ভান্ডারির মোচর এলাকায়। তার বাবা শাহ আলম মারা গেছেন।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজার ছিটকিনি ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের দরজা খোলা ছিল, তবে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন করে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে।
থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, দুপুর ১২টার দিকে বিবি হালিমার সঙ্গে কথা হয় জানিয়ে গৃহকর্ত্রী বলেছেন—তখন হালিমা হাসিখুশি ছিল। কেন সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তার কারণ জানা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
৪ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে