জ্বালানির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে সরকারের বৈঠকের পর গণপরিবহনের নতুন ভাড়ার ঘোষণা দেওয়া হয়।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর, আন্তজেলা এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এলাকাসহ সব ক্ষেত্রেই গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। সেই হিসাবে মহানগর ও আন্তজেলা বাসের ভাড়া ৪ দশমিক ৪৫ থেকে ৫ দশমিক ১৯ শতাংশ বাড়ল। ভাড়া ‘সমন্বয় করে’ বিআরটিএ ইতিমধ্যে প্রজ্ঞাপনও জারি করেছে।
সচিবালয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর গণপরিবহনের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়কমন্ত্রী বিস্তারিত জানিয়ে বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলা ৫২ আসনের বাসের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হবে, যা প্রায় ৪ দশমিক ৫৪ শতাংশ বাড়ল। আন্তজেলায় ৫২ আসনের বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বেড়ে ২ টাকা ২৩ পয়সা (প্রায় ৫ দশমিক ১৮ শতাংশ) এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা থেকে ১১ পয়সা বেড়ে ২ টাকা ৪৩ পয়সা (প্রায় ৪ দশমিক ৭৪ শতাংশ) হবে। এ ছাড়া ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকার হার বহাল থাকবে।
মন্ত্রী জানান, পরিবহনমালিকদের পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি ভাড়া কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় শেষ পর্যন্ত ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
ভাড়া সমন্বয়ের যৌক্তিকতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, সরকার দীর্ঘ সময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডিজেলের দাম লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পরিবহন খাতেও পড়ায় ভাড়া বাড়ানোর দাবি ওঠে। এ বিষয়ে মালিক, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানির দাম বাড়ানোকেই ভিত্তি ধরে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভাড়া নির্ধারণে একটি পূর্বনির্ধারিত সূত্র রয়েছে। জ্বালানির দাম বাড়া বা কমার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে। এ জন্য নতুন করে প্রতিবার বৈঠকের প্রয়োজন হবে না। বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে নির্ধারিত সূত্র অনুযায়ী ভাড়া সমন্বয় করবে।
নির্ধারিত ভাড়া মানার ব্যাপারটি সরকার তদারকি করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাসমালিকেরা যদি এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটাতে চেষ্টা করেন, অবশ্যই তাঁদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, সরকার প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ালেও তাৎক্ষণিকভাবে বিভিন্ন রকম বাস্তবায়ন দেখা গেছে। বরিশাল-ঢাকা রুটে আগেই ৫০-১০০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। আবার বগুড়া, যশোর ও সিলেটে এখনো আগের ভাড়াই চলছে। ঢাকা থেকে টাঙ্গাইল নন-এসি ভাড়া গতকাল সন্ধ্যায় আগের মতোই ছিল।
যশোরের পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পুনর্নির্ধারিত ভাড়া তাদের কাছে সন্তোষজনক নয়। তবে পরিস্থিতি বিবেচনায় তারা শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
এদিকে ভাড়া বাড়ানোর পর গতকাল দুপুর থেকেই রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের টিকিটের দাম ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তবে নন-এসি বাসের ভাড়া বিকেল পর্যন্ত বাড়েনি।
দেশ ট্রাভেলসের কাউন্টারের মাস্টার তুহিন আলী জানান, ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে। তবে নন-এসি বাসের টিকিটের দাম আগের মতোই ৭০০ টাকা আছে। মালিকপক্ষ এখনো নন-এসি বাসের টিকিটের দাম বাড়ানোর নির্দেশনা দেয়নি।
ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের এসি বাস নেই। তাঁদের নন-এসি বাসের টিকিটের মূল্য ৭০০ টাকা। গতকাল বিকেল পর্যন্ত এ দামেই টিকিট বিক্রি করা হচ্ছিল। এই রুটের লোকাল বাসগুলোরও টিকিটের দাম তখন পর্যন্ত বাড়ানো হয়নি।
আরপি অ্যালিগেন্সের কাউন্টার মাস্টার আবদুল মজিদ জানান, তাঁদের আগের ভাড়া ৩৫০ টাকা আপাতত বহাল আছে। ভাড়া বাড়ানোর ব্যাপারে কোনো কাগজপত্র পাননি বলে আগের ভাড়াই নিচ্ছেন।
পরিবহন-সংশ্লিষ্টদের মতে, রুটভিত্তিক ভাড়ার তালিকা প্রকাশে দেরি হওয়ায় এলাকা বা কোম্পানিভেদে ভাড়া বাড়ার অসামঞ্জস্য তৈরি হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে।
ঢাকা বিআরটিএ রুট পারমিট শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার-নির্ধারিত হারের ভিত্তিতে দ্রুত সব রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।
বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ক্ষেত্রে মালিকদের উচ্চ দাবিতে সায় না দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাড়তি ভাড়া আদায় বন্ধ ও তদারকি জোরদার করতে হবে।’
১৮ এপ্রিল রাতে সরকার বিভিন্ন ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। বাসের জ্বালানি ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়েছে।

মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কোনো পদে না থেকেও দলটির মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়।
৩৬ মিনিট আগে
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৬৭ শতক জমির ওপর ছয়তলা সুপার মার্কেট নির্মাণ শুরু হয়। প্রকল্পে কিডস জোন, উদ্যোক্তা কর্নার, জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টার, মিনি আইটি পার্ক ও আধুনিক পার্কিং সুবিধাসহ নানা পরিকল্পনা ছিল। তবে জমিতে আগে পার্ক থাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে লোডশেডিং বেড়েছে। গত বৃহস্পতিবার ১৩৪ দশমিক ৫ মেগাওয়াট থেকে ১৭২ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে। এবার এর প্রভাব পড়তে শুরু করেছে পানি সরবরাহে। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় পানি উৎপাদন কমেছে ৪ কোটি লিটার।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে একটি সড়কের কাজ শেষ হওয়ার পরপরই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে গিয়ে সড়কটিতে দেখা যায় ফাটলের দৃশ্য।
১ ঘণ্টা আগে