অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইন বেটিং-জুয়া পরিচালনা ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সিআইডি জানায়, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে গিয়ে সংঘবদ্ধ একটি চক্রের জুয়া পরিচালনা ও অর্থপাচারের বিষয়টি নজরে আসে। অনুসন্ধানে জানা যায়, চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসব জুয়ার অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে গত ১৯ মে পল্টন মডেল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
সিআইডি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্তে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।









