শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্দিষ্ট করে সনাতন ধর্মের জুলাই শহীদদের নিয়ে বই বের করল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। চব্বিশের অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া সনাতন ধর্মের মানুষদের নিয়ে লেখা এ বইয়ের নাম ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’। গতকাল সোমবার বইটি প্রকাশিত হয়েছে।
জুলাই জাদুঘর কর্তৃপক্ষ বইটির প্রকাশ উপলক্ষে বলেছেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের পর চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তাতে শহীদ হন সনাতন ধর্মের ৯ জন। এর মধ্যে ছিলেন শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষ। তাঁরা হলেন শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে ও গঙ্গাচরণ রাজবংশী। অভ্যুত্থান চলাকালে ৬ বছরের শিশু রিয়া গোপের মৃত্যুর পর সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। নিজ বাসার ছাদে খেলার সময় গুলির শিকার হয় রিয়া গোপ।
শারদীয় দুর্গাপূজা চলার সময়ে বইটির প্রকাশনা সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, “চব্বিশের জুলাইয়ে ক্ষমতা রক্ষার জন্য নির্বিচার হত্যা করা হয়েছে সাধারণ মানুষ। ‘বিসর্জন’ প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহীদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গোৎসবে আমরা তাঁদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়।”
৫০ টাকা মুদ্রিত মূল্যের ‘বিসর্জন’ শীর্ষক প্রকাশনাটি জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে
পাওয়া যাচ্ছে।
জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে চব্বিশের অভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচশর বেশি শহীদের স্মৃতিস্মারক। ২০২৬ সালের ৫ আগস্ট এ জাদুঘরের উদ্বোধন করা হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বাসভবন হিসেবে ব্যবহৃত শেরেবাংলার গণভবনে এটি প্রতিষ্ঠিত হয়েছে।










