
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর এই মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
ওই সময়ের মধ্যে প্রতিবেদন দিতে না পারায় চলতি বছরের ২২ এপ্রিল আরও ছয় মাস সময় চায় রাষ্ট্রপক্ষ। সেই সময়ও গতকাল শেষ হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসা থেকে মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। বাদীপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
শুনানিতে শিশির মনির বলেন, ‘আগেও টাস্কফোর্স ছয় মাস করে দুবার সময় নিয়েছিল। অগ্রগতি প্রতিবেদন না দিতে পারার কারণে আমরা সংক্ষুব্ধ, দেশের মানুষও সংক্ষুব্ধ।’
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এত বড় টাস্কফোর্স গঠন করা হলো, কিন্তু তদন্ত সম্পর্কে লিখিত কিছু পাচ্ছি না। কী হচ্ছে, না হচ্ছে—সে বিষয়ে আদালতে অন্তত একটা রিপোর্ট আসুক।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বলেন, এটি অনেক পুরোনো মামলা। টাস্কফোর্স কাজ করছে। কাজ করে অনেক দূর এগিয়েছে। একটা অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা হচ্ছে।
আদালত তখন বলেন, ‘আগে একটা রেজিম ছিল। বর্তমান রেজিম এই ব্যাপারে সিরিয়াস। বেশি সময় দেওয়া ঠিক হবে না। তিন মাস দিচ্ছি।’
এর প্রতিক্রিয়ায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তিন মাসে পারবে না। ছয় মাস দেন। বারবার আসতে চাচ্ছি না।’
শিশির মনির তখন বলেন, ‘ছয় মাস সময় দেওয়া হলে তখন নতুন রেজিম থাকবে। বর্তমান সরকার মামলাটি সিরিয়াসলি নিয়েছে। আরেক সরকার এসে সিরিয়াসলি না-ও নিতে পারে।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তদন্ত তদন্তের মতো চলবে। সরকার পরিবর্তন হলেও তাতে কিছু আসে যায় না।’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে