সালিসে নারীকে মারধরের অভিযোগে ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের সালিসে এক নারীকে মারধরের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে গত রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সচিব আতিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১৮ আগস্ট জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিসে নারীকে প্রহারের ঘটনায় চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনের অনুলিপি কুমিল্লার জেলা প্রশাসক, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অনলাইনে চিঠি দেখেছি। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।









