
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) রহস্যজনক হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত থেকে শুরু করে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম একযোগে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’
নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।
কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে পরিবারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এর পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রোববার কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ কুমিল্লা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
পরে মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়ার সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীর লাশবাহী গাড়ির সামনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী উর্মি হীরা।
স্ত্রী উর্মি হীরা বলেন, ‘আমি শুধু আমার স্বামীর রক্তাক্ত শরীর দেখেছি। অনেকে অনেক কথা বলছেন। ময়নাতদন্ত রিপোর্ট কী আসবে, তদন্ত কী বলবে—এসবের বাইরে আমার একটাই প্রশ্ন, আমার স্বামীর সঙ্গে আসলে কী ঘটেছিল? আমি শুধু সেটার উত্তর চাই।’
নিহতের মা নিলীমা বৈরাগী ছেলের হত্যার বিচার দাবি করে বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এদিকে কাস্টমস বিভাগ জানিয়েছে, বুলেট বৈরাগীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে এ মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সুনামগঞ্জে প্রেম করে বিয়ের পাঁচ মাস না পেরোতেই বিষপানে স্বামী-স্ত্রী মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দিরাই থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে কম্বোডিয়ায় নিয়ে বিক্রির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
৪৩ মিনিট আগে
ফেসবুকে বিরূপ মন্তব্য করার পর সাইবার সুরক্ষা আইনে মামলায় গ্রেপ্তার শিশুকে (১৬) জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যায় শিশুটি।
৪৩ মিনিট আগে
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১০ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাঁদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে