কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক আরও ৩৫১ জন

কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে এক দিনে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকা এবং কিশোরদের আড্ডাস্থলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
জেলা পুলিশ আরও জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, মাদক কারবার ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।









