কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ধানখেত থেকে বন্যহাতি তাড়াতে গিয়ে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী এলাকায় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানখেতে বন্যহাতির দল চলে এলে সেগুলো তাড়াতে যান আব্দুর রশিদ। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে জসিম উদ্দিন সিকদার বলেন, প্রতিদিনের মতো সকালে কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন আব্দুর রশিদ ও তাঁর শ্যালক। এ সময় পাশের বন থেকে একদল হাতি ধানখেতে চলে আসে।
হাতিগুলো তাড়াতে গেলে আব্দুর রশিদ আক্রমণের শিকার হন। তাঁর শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুর রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









